তরুণদের মাঠমুখী করতে রাজশাহীতে দ্বিতীয়বারের মতো ওয়ার্ড ফুটবল শুরু
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী মহানগরীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘১৯ নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২৮ নভেম্বর) স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জমকালো ক্রীড়া আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে চলতি মাসের শুরুতেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট বা খেলোয়াড় বাছাই পর্ব সম্পন্ন হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম নুরুজ্জামান টিটুর সহধর্মিণী সানজিদা খাতুন হেমিন ও তাঁর দুই কন্যা।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. খন্দকার মাসুদ রানা, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি (দক্ষিণ)-এর সাবেক সাধারণ সম্পাদক তাইনুসুর রহমান তোতা এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি (উত্তর)-এর কিসমত হাজী।
স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ভোরের শিশির পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে সংগঠনের সদস্য সজিব, রনি ও আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া মরহুম নুরুজ্জামান টিটুর ঘনিষ্ঠ বন্ধুবর্গ ও এলাকার প্রবীণ-নবীন ক্রীড়ামোদীরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান। পুরো টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল, রাজশাহী মহানগরের মো. ফয়সাল শেখ।
আয়োজক কমিটির সদস্যরা জানান, বর্তমান প্রজন্মের তরুণদের মোবাইল আসক্তি ও মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মাঠমুখী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।