রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা
রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় অবস্থিত রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাত ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রথম রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও, নিরাপত্তা বাড়ানোর পরদিন রাতেই আরও সংগঠিত হয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে ফিরে আসে হামলাকারীরা। দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোল বোমার বিস্ফোরণে উপকেন্দ্রের মূল ট্রান্সফরমারে আগুন ধরে যায় এবং আতঙ্ক ছড়াতে হামলাকারীরা পিস্তল থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে।
গত শুক্রবার ও শনিবার রাতে এই নাশকতামূলক হামলার ঘটনা ঘটে। পরপর দুই রাত এমন সশস্ত্র হামলার ঘটনায় উপকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফায় শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা উপকেন্দ্রটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ায় আগুন ধরেনি। ওই ঘটনার পরপরই কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয় এবং উপকেন্দ্রের নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যা দ্বিগুণ করা হয়। কিন্তু জোরদার নিরাপত্তার পরও দ্বিতীয় রাতের হামলা ঠেকানো সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে মুখ বাঁধা অবস্থায় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল আবারও উপকেন্দ্রে অতর্কিত হামলা চালায়। তারা উপকেন্দ্রের গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি পেট্রোল বোমা সরাসরি ট্রান্সফরমারে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের আশপাশে আরও দুটি পেট্রোল বোমা ও একটি শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে উপকেন্দ্র চত্বর থেকে আরও চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
আগুন লাগার পরপরই উপকেন্দ্রে কর্তব্যরত কর্মীরা তাৎক্ষণিকভাবে নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিস্ফোরক ও গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এই ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও মেরামত শেষে তা পুনরায় স্বাভাবিক করা হয়।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির উদ্বেগ প্রকাশ করে বলেন, পরপর দুই রাতের এই ভয়াবহ হামলায় কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীরা সবার মুখ কাপড় দিয়ে বেঁধে এসেছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা মেরে পুরো উপকেন্দ্রটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। কর্মীরা সাহসিকতার সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন না নেভালে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। এমন অনিরাপদ পরিস্থিতিতে রাতের বেলায় দায়িত্ব পালন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে তিনি জানান।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, প্রথম রাতের হামলার পরই থানায় এজাহার দেওয়ার পাশাপাশি নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। প্রথম দিন দুজন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে নিয়োজিত রাখা হয়। তাদের কঠোর পাহারার মধ্যেই দ্বিতীয় রাতে আবারও এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রথম রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন লাগার স্পষ্ট আলামত পাওয়া গেছে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার পর তা স্বাভাবিক হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।