রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর

favicon
স্টাফ রিপোর্টার :
প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাই সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

জমি সংক্রান্ত নানা জটিলতা, মামলা ও দীর্ঘমেয়াদি বিরোধের কারণে দেশের বহু পরিবার সর্বস্বান্ত হয়ে নিঃস্ব হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, সাধারণ মানুষ যেন ভূমি অফিসে সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি, দীর্ঘসূত্রতা বা ভোগান্তির শিকার না হন, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ (অটোমেশন) প্রকল্পের’ আওতায় হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাই-বাছাই সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, জমি সংক্রান্ত জটিলতা ও বিরোধ থেকে সাধারণ মানুষকে চিরতরে মুক্তি দিতে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য। এ জন্য তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থান নিতে হবে। কোনো কৃষক বা সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ ভূমি প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই ভূমিদস্যু বা দখলবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না।

ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে মিজানুর রহমান মিনু আরও বলেন, সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন বা তদবির ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ধরনের ইতিবাচক ও স্বচ্ছ উদ্যোগ ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ভূমির তথ্য ডিজিটাইজ করার পাশাপাশি সেগুলোর নির্ভুলতা যাচাই এবং নিয়মিত হালনাগাদ করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের ভুল তথ্যের কারণে নাগরিকদের ভোগান্তিতে পড়তে না হয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার বলেন, ভূমি ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ অটোমেশন কার্যকর হলে জমি সংক্রান্ত জটিলতা, জালিয়াতি এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে।

সভায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে প্রকল্পের অগ্রগতি তুলে ধরে জানান, সরকারের এই যুগান্তকারী উদ্যোগের আওতায় দেশের ৬৪ জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাইজ করার কাজ চলছে। নিখুঁত যাচাই প্রক্রিয়া এবং আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে এই কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।