রাজশাহীতে নগর ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের সজাগ থাকায় নাশকতা ব্যর্থ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও পথসভা চলাকালেই গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত স্থান ত্যাগ করে। তবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও সতর্ক থাকায় এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি ঘটেনি বলে দলীয় নেতারা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুর্বৃত্তদের ধাওয়া করেন। মোটরসাইকেল আরোহী ওই দুর্বৃত্তরা বর্ণালী মোড় হয়ে সেনানিবাসের গেট এলাকা অতিক্রম করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মাইনুল হক হারুর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সিটি করপোরেশনের মূল ফটকের সামনে অবস্থান নেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আলী ও শফিকুল আলম জিতু,স্বেচ্ছাসেবক দলের বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিমেল,সহ ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
ঘটনাস্থলে তাৎক্ষণিক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি চলাকালে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন লকডাউনের নামে নগরীতে অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাতের আঁধারে চোরাগোপ্তা ককটেল হামলা চালিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার এই ষড়যন্ত্র রাজশাহীর রাজপথে কখনোই সফল হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মাইনুল হক হারু তার বক্তব্যে জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকায় দুর্বৃত্তরা বড় কোনো নাশকতা ঘটাতে পারেনি। জনগণের জানমাল রক্ষায় এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীরা সবসময় মাঠে প্রস্তুত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আলী বলেন, পরিকল্পিতভাবে নগরীর শান্ত পরিবেশ অস্থিতিশীল করতেই এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সাপেক্ষে এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিমেল বলেন, রাতের অন্ধকারে কাপুরুষোচিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায়ের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে পাহারায় রয়েছেন বলে তিনি জানান।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক অপতৎপরতার প্রতিবাদে এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান জানান দিতে নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট এলাকা থেকে পথসভা ও অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচিটি নিউমার্কেট থেকে শুরু হয়ে নগর ভবন, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে। এ সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান গ্রহণ করেন।