শিক্ষার মানোন্নয়নে তানোরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ
রাজশাহীর তানোর উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘অর্কিড স্কুল অ্যান্ড কলেজ’-এ অভিভাবক ও সুধী সমাবেশ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) শাকিলা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক ও সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, তানোর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম শফিকুল আলম পারভেজ ও এস এম সাজ্জাদ হোসেন পারভেজ, তানোর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান মাসুদ, তানোর প্রি-ক্যাডেট কেজি স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন, আল মদিনা কুরআন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজসেবক শরীফ উদ্দিন মুন্সী, শিক্ষানুরাগী মিজানুর রহমান এবং কলেজ শিক্ষক তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি, বিপুলসংখ্যক অভিভাবক এবং প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা প্রতিষ্ঠানের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের কর্মময় জীবন ও শিক্ষা বিস্তারে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমানের যৌথ তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক মাহমুদা আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত অধ্যক্ষের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির ধর্মীয় শিক্ষক মাওলানা আসাদুল ইসলাম। সমাবেশ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।