স্লোগান দিলেন মোটরসাইকেল আরোহীরা,গ্রেপ্তার হলেন দুই জুলাই যোদ্ধা
রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লার শাহামাত সাদিক (২৪) এবং একই উপজেলার কাঁকনহাট এলাকার বাসিন্দা মো. সাইফ (২৩)। তবে পরিবারের দাবি, গ্রেপ্তার হওয়া দুই যুবকই ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির সক্রিয় কর্মী ছিলেন।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গোদাগাড়ী মডেল থানার সামনের একটি চায়ের দোকান থেকে তাঁদের আটক করে পুলিশ। পরবর্তীতে সম্প্রতি দায়ের হওয়া বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
ঘটনার পরপরই গ্রেপ্তারকৃত দুই যুবকের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে একটি স্থিরচিত্র সরবরাহ করা হয়েছে। ছবিটিতে দেখা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগের দিন গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ‘দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন শাহামাত ও সাইফ। পরিবারের সদস্যদের দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁদের রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক গোদাগাড়ী সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভা ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুজন দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে থানার সামনের একটি চায়ের দোকানে অবস্থানরত অবস্থায় শাহামাত ও সাইফকে আটক করা হয়।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দলটির চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান জানান, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে গোদাগাড়ীর আরেকজন জুলাই যোদ্ধা তাঁকে মুঠোফোনে নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারের নেপথ্যের বিস্তারিত কারণ সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গ্রেপ্তারকৃত শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম পেশায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলের গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনের সময় গোদাগাড়ীতে সামনের সারিতে থেকে লড়াই করেছে। থানার সামনে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় পুলিশকে কাউকে না কাউকে গ্রেপ্তার দেখাতে হতো, তাই সামনে পেয়ে নিরীহ এই দুই যুবককে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের বক্তব্যের অসংগতি তুলে ধরে প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথমে তাঁকে জানিয়েছিলেন যে থানার সামনের চায়ের দোকানে বসে ওই দুই যুবক মদ্যপান করছিলেন। তাঁর প্রশ্ন, যদি মদ্যপানের অভিযোগেই তাঁদের আটক করা হয়ে থাকে, তবে সেই অভিযোগে মামলা না দিয়ে তাঁদের কেন বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হলো? তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তাঁর ছেলে সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন এবং পড়াশোনার চাপে কখনোই কোনো ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তা ছাড়া তাঁদের পুরো পরিবার ঐতিহ্যগতভাবে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ছেলের ছাত্রলীগ করার কোনো প্রশ্নই ওঠে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, গ্রেপ্তার হওয়া দুই যুবক জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন কি না, সে বিষয়টি তাঁর জানা নেই। দুটি মোটরসাইকেলে করে চার যুবক স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন; তাঁদের মধ্যে দুজন পালিয়ে গেলেও বাকি দুজনকে আটক করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশের কোনো ভুল হয়নি বলে তিনি দাবি করেন।