রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বরেন্দ্র অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি

বরেন্দ্র অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি

favicon
স্টাফ রিপোর্টার :
বরেন্দ্র অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি
রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা ও উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের বরেন্দ্র ভূমিকে ভয়াবহ মরুকরণ ও পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করতে দ্রুততম সময়ের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, সরকারের গৃহীত এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে তা কেবল এ অঞ্চলের কৃষি ও প্রাণপ্রকৃতিকেই রক্ষা করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতি ও পরিবেশ সুরক্ষার এক অজেয় ‘মহাপ্রাচীর’ হিসেবে আবির্ভূত হবে।

শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ‘রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ’ ও ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’।

সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার সুধী সমাজ, শিক্ষাবিদ, কৃষিবিদ, নদী গবেষক, প্রকৌশলী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান এবং স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রকৌশলী জুনায়েদ আহমেদ। মূল প্রবন্ধে তিনি পদ্মা ব্যারেজের কারিগরি রূপরেখা, পরিসংখ্যান এবং কৃষি ও অর্থনীতিতে এর বৈপ্লবিক প্রভাবের চিত্র তুলে ধরেন। প্রবন্ধে উল্লেখ করা হয়, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও ফারাক্কার একতরফা প্রভাবে পদ্মার পানিপ্রবাহ ঐতিহাসিক স্তরের চেয়ে আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে গড়াই, বড়াল ও মধুমতির মতো অসংখ্য শাখা নদী আজ মৃতপ্রায় এবং দেশের এক-তৃতীয়াংশ এলাকা সরাসরি মরুকরণের ঝুঁকিতে পড়েছে।

প্রবন্ধের সমীক্ষা অনুযায়ী, রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মিত হলে বর্ষা মৌসুমের বিপুল জলরাশি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা সম্ভব হবে। এর ফলে সরাসরি জাতীয় জিডিপিতে শূন্য দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হবে এবং প্রতি বছর দেশ প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা লাভ করবে। পাশাপাশি নদীভাঙন রোধ, কৃষি সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূর করতেও এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার ও মেগা প্রতিশ্রুতি ছিল এই পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। সরকার গঠনের পরপরই রাজবাড়ীর পাংশায় প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়ার মাধ্যমে সেই অঙ্গীকার আজ বাস্তব রূপ নিতে যাচ্ছে, যা পরিকল্পনা কমিশনের পরিবেশ ও কৃষি উন্নয়ন রূপরেখার সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ।

সেমিনারে বরেন্দ্র অঞ্চলের পানি সংকট নিরসনে বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়। বক্তারা বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়নের ফলে পদ্মার মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বৃদ্ধি পাবে। সেই পানিকে কাজে লাগিয়ে ‘উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের’ আওতায় রাজশাহীর গোদাগাড়ী পয়েন্টে একটি শক্তিশালী ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন স্থাপন করা সম্ভব হবে। এর মাধ্যমে মূল খাল, শাখা খাল ও উপখালের নেটওয়ার্ক তৈরি করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর খরাপ্রবণ এলাকার তিন-চতুর্থাংশ আবাদি জমিকে নিরবচ্ছিন্ন সেচের আওতায় আনা যাবে। এ ছাড়া প্রথম পর্যায়ের কাজ শুরুর পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা গ্রহণ, বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন এবং বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে ব্যক্তিমালিকানাধীন পুকুর ও জলাশয় প্রয়োজনে অধিগ্রহণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানানো হয়।

আলোচনা পর্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম।

এ ছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন ও মফিজ উদ্দিন সরকারসহ অন্তত ২০ জন আলোচক তাদের মতামত তুলে ধরেন। বক্তারা অবিলম্বে বারনই, হোজা ও বড়াল নদীকে দখল ও দূষণমুক্ত করে বরেন্দ্রভূমির প্রাণরেখা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

আরও খবর
সোনালি ঐতিহ্য বেগবান করতে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের নতুন নেতৃত্ব
সোনালি ঐতিহ্য বেগবান করতে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের নতুন নেতৃত্ব
তরুণদের মাঠমুখী করতে রাজশাহীতে দ্বিতীয়বারের মতো ওয়ার্ড ফুটবল শুরু
তরুণদের মাঠমুখী করতে রাজশাহীতে দ্বিতীয়বারের মতো ওয়ার্ড ফুটবল শুরু
দেশের অন্য জেলার রাজশাহী থেকে শেখার আছে: আজহারী
দেশের অন্য জেলার রাজশাহী থেকে শেখার আছে: আজহারী
রাজশাহীতে নগর ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের সজাগ থাকায় নাশকতা ব্যর্থ
রাজশাহীতে নগর ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের সজাগ থাকায় নাশকতা ব্যর্থ
শিক্ষার মানোন্নয়নে তানোরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ
শিক্ষার মানোন্নয়নে তানোরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ
বিএনপি নেতা টুটুল ও রাসিক কর্মকর্তা তাজ মুরাদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন
বিএনপি নেতা টুটুল ও রাসিক কর্মকর্তা তাজ মুরাদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন
প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর
প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা