বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বাগমারায় স্কুল মাঠের টাকা চেয়ারম্যানের পকেটে, স্বেচ্ছাশ্রমে মাঠ বাঁচাচ্ছে কিশোররা!

বাগমারায় স্কুল মাঠের টাকা চেয়ারম্যানের পকেটে, স্বেচ্ছাশ্রমে মাঠ বাঁচাচ্ছে কিশোররা!

favicon
বিশেষ প্রতিনিধি :
বাগমারায় স্কুল মাঠের টাকা চেয়ারম্যানের পকেটে, স্বেচ্ছাশ্রমে মাঠ বাঁচাচ্ছে কিশোররা!
রাজশাহীর বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ । বক্সে গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান।

রাজশাহীর বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে। এক বছর আগে ‘কাজের বিনিময়ে টাকা’ (কাবিটা) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত দুই লাখ টাকার মধ্যে প্রথম দফায় এক লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলেও মাঠটিতে এক ডালি মাটিও ফেলা হয়নি। অথচ আগের কাজের কোনো হিসাব বা দৃশ্যমান অগ্রগতি ছাড়াই সম্প্রতি একই মাঠ সংস্কারের নামে নতুন করে আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি বরাদ্দের এই অর্থ চেয়ারম্যানের পকেটে চলে যাওয়ায় ঐতিহ্যবাহী মাঠটি রক্ষায় এখন স্বেচ্ছাশ্রমই ভরসা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কিশোর ও তরুণ খেলোয়াড়দের।

বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা কর্মসূচির আওতায় বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ শিরিনকে সভাপতি করে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী এক বছর আগে প্রথম দফায় এক লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন কমিটির সভাপতি। তবে অভিযোগ উঠেছে, উত্তোলিত পুরো এক লাখ টাকা নিজের জিম্মায় নিয়ে নেন স্থানীয় গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান। টাকা নেওয়ার পর দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও তিনি মাঠ সংস্কারের কোনো উদ্যোগ নেননি। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও ক্রীড়ামোদীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মাঠ সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তখন রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অনুসন্ধানে জানা যায়, চলতি বছর শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে প্রতিটি উপজেলায় ইউএনওদের মাধ্যমে চার থেকে পাঁচটি ভেন্যু নির্বাচন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্বাচিত ভেন্যুগুলো সংস্কারের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়। বিস্ময়করভাবে সেই তালিকায় বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠের নাম অন্তর্ভুক্ত করে নতুন করে আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দ হলেও এখন পর্যন্ত মাঠ সংস্কারের কোনো কাজ শুরু হয়নি।

সরেজমিন বিদ্যালয় মাঠ ঘুরে দেখা গেছে, সরকারি বরাদ্দে মাঠ সংস্কারের কোনো চিহ্নই সেখানে নেই। বরং দীর্ঘদিন সংস্কারের অভাবে মাঠের উত্তর কোণের বেশ কিছু অংশ ধসে পাশের পুকুরে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সরকারি অর্থের কোনো ছোঁয়া না লাগায় স্থানীয় কিশোর ও খেলোয়াড়রা নিজেরাই স্বেচ্ছাশ্রমে কোদাল ও ডালি হাতে মাঝেমধ্যে কিছু মাটি ফেলে মাঠটি কোনোমতে খেলাধুলার উপযোগী রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মহসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, খেলার মাঠ সংস্কারের টাকা কার পকেটে গেছে তা জানতে আমরা প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের জানিয়েছেন, ব্যাংক থেকে টাকা তুলে ইউপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান কাজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আরেক বাসিন্দা আফজাল হোসেন জানান, সরকারি প্রকল্পের টাকায় এই মাঠে এক ডালি মাটিও ফেলা হয়নি। এলাকার কিশোর ও যুবকরাই নিজেদের শ্রম ও উদ্যোগে মাঠটি সংস্কার করে খেলার উপযোগী রেখেছে।

অর্থ হস্তান্তরের বিষয়টি অকপটে স্বীকার করে প্রকল্পের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ বলেন, আগের বরাদ্দ থেকে এক লাখ টাকা তুলে মাঠের কাজ করার জন্য গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামানকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কাজ শুরু করেননি। সম্প্রতি তাকে আবারও তাগিদ দিয়ে বলা হয়েছে, হয় দ্রুত কাজ করে দিন, নতুবা টাকা ফেরত দিন। জবাবে চেয়ারম্যান জানিয়েছেন, ওই এক লাখ টাকায় মাঠ সংস্কার সম্ভব নয়, আরও টাকার প্রয়োজন এবং তিনি নিজেই বাড়তি টাকার ব্যবস্থা করে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে দাবি করেন, আগের বরাদ্দ থেকে এক লাখ টাকা তুলে তিনি মাঠ সংস্কারের চেষ্টা করেছিলেন এবং কাজও শুরু করেছিলেন। কিন্তু ওই স্বল্প টাকায় পুরো কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। মাঠটি পরিপূর্ণভাবে সংস্কার করতে আরও অর্থের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর-এ-শেফা বলেন, আমার এই কর্মস্থলে যোগদানের আগেই স্কুলটির মাঠ সংস্কারে দুই লাখ টাকা বরাদ্দ ও ছাড় করা হয়েছিল। সম্প্রতি জানতে পেরেছি যে সেই টাকায় মাঠে কোনো কাজ করা হয়নি। এরই মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সুপারিশে একই স্কুল মাঠ সংস্কারে নতুন করে আরও এক লাখ টাকা বরাদ্দ এসেছে। তবে আগের বরাদ্দের টাকায় কোনো কাজ না হওয়ায় নতুন বরাদ্দের অর্থ আপাতত ছাড় করা হয়নি।

সরকারি অর্থের এমন নয়ছয় ও অনিয়মের তীব্র সমালোচনা করে দুর্নীতি প্রতিরোধ কমিটি বাগমারা উপজেলা শাখার সদস্য মামুনুর রশিদ বলেন, বাস্তবিক অর্থে ওই স্কুল মাঠটি সংস্কার করতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা খরচ হতে পারে। অথচ সেখানে আগেই দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখন নতুন করে আরও এক লাখ টাকা বরাদ্দ হলো। স্পষ্টতই আগের বরাদ্দের অর্থ আত্মসাৎ করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

আরও খবর
রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পুঠিয়ায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পুঠিয়ায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের