বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › পুঠিয়ায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

পুঠিয়ায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

favicon
স্টাফ রিপোর্টার :
পুঠিয়ায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
রাজশাহীর পুঠিয়ায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বসতঘর বক্সে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের ছবি।

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ দুর্ধর্ষ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একদল দুর্বৃত্ত গভীর রাতে বাড়ির ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। পরে পালিয়ে যাওয়ার সময় তারা ঘরে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। এ সময় তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল ঘুরে দেখেন।

সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, হামলার সময় বাড়িতে কেবল তিনি এবং তাঁর ছেলে উপস্থিত ছিলেন। রাত সোয়া তিনটার দিকে একদল দুর্বৃত্ত এসে ফ্ল্যাট বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং দেশীয় ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে ফেলে। এরপর দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে এবং আলমারিতে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

রুনা বেগম আরও জানান, তাঁদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে ঘরের মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তাঁর স্বামী আব্দুস সামাদ গত দুই বছর ধরে কারাগারে থাকায় পরিবারটি এমনিতেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন কি না, সে বিষয়ে পরিবারের সদস্যরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি।

প্রতিবেশী নাসিমা বেগম জানান, রাত আনুমানিক তিনটার দিকে সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে তাঁরা দ্রুত ছুটে যান। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরের অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ অবগত হয়েছে এবং সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আব্দুস সামাদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি গত দুই বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


আরও খবর
বাগমারায় স্কুল মাঠের টাকা চেয়ারম্যানের পকেটে, স্বেচ্ছাশ্রমে মাঠ বাঁচাচ্ছে কিশোররা!
বাগমারায় স্কুল মাঠের টাকা চেয়ারম্যানের পকেটে, স্বেচ্ছাশ্রমে মাঠ বাঁচাচ্ছে কিশোররা!
রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের