নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা সিও বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ সবজির দোকানসমূহ অপসারণ করেছে জেলা ট্রাফিক পুলিশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নওগাঁর পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় জেলা ট্রাফিক বিভাগের পরিচালনায় এই উচ্ছেদ ও জনসচেতনতামূলক অভিযান চালানো হয়।
সরেজমিনে ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিও বাজার এলাকার মূল সড়কের ওপর অস্থায়ী ও ভ্রাম্যমাণ সবজি ব্যবসায়ীরা ক্রমান্বয়ে তাদের পসরা সাজিয়ে বসছিলেন। একপর্যায়ে দোকানগুলো বিস্তৃত হয়ে মূল সড়কের প্রায় এক-তৃতীয়াংশ জায়গা দখল করে নেয়। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে স্বাভাবিক যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল এবং প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
জনদুর্ভোগ লাঘব এবং শহরের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ সকাল থেকেই মাঠে নামে জেলা ট্রাফিক পুলিশ। অভিযানে সড়কের ওপর থাকা অবৈধ ভ্রাম্যমাণ সবজির দোকানগুলো সরিয়ে দেওয়া হয় এবং পুরো সড়কটি যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়।
অভিযান চলাকালে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও স্থানীয়দের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ পুনরায় সড়কের ওপর সবজির দোকান বা কোনো অস্থায়ী স্থাপনা না বসান। শহরের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা ট্রাফিক পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় পথচারী ও যানবাহন চালকরা স্বস্তি প্রকাশ করেছেন।