মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের

অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের

favicon
স্টাফ রিপোর্টার :
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
রাজশাহীতে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় বক্তব্য দেন বক্তারা।

সাম্প্রতিক অসময়ের টানা বৃষ্টিতে বরেন্দ্র অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কৃষকের পাকা ও কেটে রাখা আমন ধান, সরিষা ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গ্রিন কোয়ালিশন রাজশাহী। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ন্যায্য ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে আয়োজিত গ্রিন কোয়ালিশনের ত্রৈমাসিক সমন্বয় সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় রাজশাহীর তানোর ও পবা এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক, গ্রিন কোয়ালিশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং পরিবেশ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নদী ও পরিবেশ গবেষক এবং গ্রিন কোয়ালিশন বরেন্দ্র অঞ্চলের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও গ্রিন কোয়ালিশনের নির্বাহী সদস্য মো. আতিকুর রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মাহবুব সিদ্দিকী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষকের ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছে, অথচ এই বৈশ্বিক সংকটের জন্য কৃষক কোনোভাবেই দায়ী নন। তাই তাঁদের এই অপূরণীয় ক্ষতির দায় রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সমন্বয় সভায় গ্রিন কোয়ালিশনের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে স্বচ্ছতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করতে হবে। গ্রিন কোয়ালিশন রাজশাহী মহানগরের সহসভাপতি মো. সেকেন্দার আলী কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশবান্ধব কৃষিচর্চা বাড়াতে মাটির স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে রাজশাহীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা যেতে পারে। অন্যদিকে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে অবিলম্বে জাতীয়ভাবে এগ্রোইকোলজি নীতি প্রণয়ন ও অঞ্চলভিত্তিক এগ্রোইকোলজি রূপান্তর কর্মসূচি গ্রহণের দাবি জানান।

সভায় অংশ নেওয়া তানোর, পবা ও নাচোল উপজেলার কৃষকেরা তাঁদের ফসলহানির করুণ অভিজ্ঞতা তুলে ধরে জানান, ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টিতে মাঠের পাকা ও কেটে রাখা আমন ধান পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি শীতকালীন আগাম সবজি ও সরিষার খেত নষ্ট হওয়ায় উৎপাদন খরচ তোলা, কৃষিঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমে নতুন করে চাষাবাদ শুরু করা নিয়ে তাঁরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। সভায় কৃষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী ও গ্রিন কোয়ালিশন তানোর উপজেলার সভাপতি নুর মোহাম্মদ, সহসভাপতি চিচিলিয়া হেমব্রম, মো. জাইদুর রহমান, সহসম্পাদক মো. আলমাস আলী, নাচোল উপজেলা গ্রিন কোয়ালিশনের সম্পাদক রায়হান কবীর রঞ্জু, পবা উপজেলা গ্রিন কোয়ালিশনের সহসম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আলী জুয়েল, এগ্রোইকোলজি চর্চাকারী তরুণ কৃষক রিদয় আলী এবং রুবেল হোসেন মিন্টু প্রমুখ।

গ্রিন কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকের এই ফসলহানি কেবল ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষতি নয়, বরং এটি দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির জন্যও বড় ধরনের অশনিসংকেত। তাই ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উৎপাদকের ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং বর্গাচাষি ও নারী কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করা জরুরি। একই সঙ্গে জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয় কৃষিনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আলোকে কৃষকের সুরক্ষা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের আওতায় ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, জলবায়ু সংকটের মূল্য বারবার কৃষককে একা বহন করতে দেওয়া যায় না; যাঁরা দেশের মানুষের খাদ্য উৎপাদন করেন, দুর্যোগের সময় তাঁদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

আরও খবর
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা
কালোবাজারে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার উদ্ধার
কালোবাজারে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার উদ্ধার