ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র্যালি ও ক্যাম্পেইন
‘ক্যাশলেস বাংলাদেশ, এক দেশ এক কিউআর-লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড এবং পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন।
পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মহিবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের জোনাল ইনচার্জ (অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল) মো. দুলাল বারী ও দেলুয়াবাড়ি শাখার ব্যবস্থাপক মো. নূরুল আলম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রসাদপুর বাজার বণিক সমিতির সভাপতি আকতারুজ্জামান আল মনসুর।
সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বহুগুণে বৃদ্ধি পাবে। নগদ টাকার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করলে জাল নোটের ঝুঁকি ও খুচরা টাকার সংকট দূর হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা স্মার্ট ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন। তবে সভায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে এই সেবা আরও জনপ্রিয় করতে বাংলা কিউআর ব্যবহারে সার্ভিস চার্জ মওকুফ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে প্রসাদপুর উপশাখার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী বলেন, দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও দ্রুততর করতে বাংলা কিউআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই আধুনিক সেবা গ্রহণের ফলে ব্যবসায়ীদের নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং গ্রাহকদের সঙ্গে দ্রুত ও নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা প্রসাদপুর বাজারের তালিকাভুক্ত ব্যবসায়ীদের হাতে বাংলা কিউআর কোড স্ট্যান্ড ও পিওএস মেশিন তুলে দেন। ক্যাম্পেইন উপলক্ষে বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী ব্যাংকের প্রসাদপুর উপশাখা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।