রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন এবং গ্রামীণ খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে রাজশাহীর পবা উপজেলায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং ১০ জন নির্বাচিত উদ্যোক্তা ও খামারির মাঝে মোট ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকার ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে এবং ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন এবং নির্বাচিত উদ্যোক্তা ও খামারিদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা একদিকে যেমন সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ পাবেন, অন্যদিকে তেমনি উন্নতমানের জৈব সার উৎপাদনের মাধ্যমে কৃষিতেও অবদান রাখতে পারবেন। যুব ঋণের এই অর্থের সঠিক ও পরিকল্পিত ব্যবহার খামার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার মোট ১০ জন উদ্যোক্তা ও খামারিকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণের জন্য এই ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। ঋণপ্রাপ্তদের মধ্যে পুঠিয়া উপজেলার শাকিব খান, হাসি বেগম ও হিরা বিবি প্রত্যেকে এক লাখ টাকা করে এবং বাঘা উপজেলার জুয়েল আক্তার, শারমিন আক্তার ও নবীউল ইসলাম প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে ঋণ পেয়েছেন। এছাড়া বাগমারা উপজেলার মুক্তি আখতার ও হাসান আলী দেওয়ান প্রত্যেকে এক লাখ টাকা করে এবং তিশা খাতুন ও আব্দুল বারী প্রত্যেকে ৮০ হাজার টাকা করে যুব ঋণের চেক লাভ করেছেন।
যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।
পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বায়োগ্যাস ইঞ্জিনিয়ার মো. মাহাফুজুর ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।