রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নগরীর খোরবোনা এলাকার আহলে হাদিস জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সালাম প্রামাণিক রাজশাহী জেলার বাঘা থানার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি বোয়ালিয়া থানাধীন খোরবোনা এলাকায় বসবাস করছিলেন।
এসআরবি-০৫, সিপিএসসি, রাজশাহী সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-০৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, বোয়ালিয়া থানার খোরবোনা গ্রামস্থ আহলে হাদিস জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এসআরবি’র দলটি। অভিযানে ঘটনাস্থল থেকে আব্দুস সালাম প্রামাণিককে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ৪৩৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও উদ্ধার করা হয়।
আটককৃত আসামির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।