পদ্মার বালু মহাল দখল নিয়ে ঈশ্বরদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ
পাবনার ঈশ্বরদীতে এলাকার আধিপত্য বিস্তার এবং পদ্মা নদীর চরাঞ্চল থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকটি বসতবাড়ি ও আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মাজদিয়া রঙিলা মোড় এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে পুরো এলাকায় চরম উত্তেজনা ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাঁড়া-মাজদিয়া ও পদ্মার চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকার একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুটি পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় নদীপথের আলোচিত সন্ত্রাসী ‘কাকন বাহিনীর’ সহযোগিতায় জামায়াতের একটি পক্ষের সঙ্গে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।
অন্যদিকে, গুলিবিদ্ধ আহতদের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। তাঁদের ভাষ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, যাতে পাঁচজন গুরুতর আহত হন।
সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন-ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব টেংরি মহল্লার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, সন্ধ্যায় গোলাগুলির ঘটনার জেরে রাত সাড়ে ৮টার দিকে সাঁড়া এলাকায় ব্যাপক তাণ্ডব ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, স্থানীয় জামায়াত নেতা ছমির মেম্বার, নুরুল আলম এবং নুর ইসলামের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ওই বাড়িগুলোতে থাকা অন্তত আটটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। পরবর্তী সহিংসতায় চারজন জামায়াত নেতাকর্মী এবং আওয়ামী লীগ নেতা মিলন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ বলেন, বেশ কিছুদিন ধরেই ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং নদীপথের আলোচিত কাকন বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ ও আধিপত্যগত বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে, যাতে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।