পুঠিয়ায় ২০ হাজার গাছের পরিচর্যা পরিদর্শন করল বিভাগীয় প্রশাসন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সরকারের এই অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি এবং রোপিত গাছের পরিচর্যা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছে বিভাগীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী পুঠিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বাস্তবায়িত বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার। পরিদর্শনকালে তিনি বিভিন্ন স্থানে রোপণ করা চারাগাছগুলোর বর্তমান শারীরিক অবস্থা, স্বাভাবিক বেড়ে ওঠা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার প্রশাসক প্রসেনজিৎ সাহা।
পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার জানান, উপজেলার সড়কের দুই পাশসহ বিভিন্ন নির্ধারিত স্থানে রোপণ করা গাছগুলোর অবস্থা অত্যন্ত সন্তোষজনক এবং চারাগুলো ধীরে ধীরে সতেজ হয়ে বেড়ে উঠছে। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে এই গাছগুলো ভবিষ্যতে স্থানীয় পরিবেশের উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই বিশেষ কর্মসূচি শতভাগ সফল করতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদার করার উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিভাগের প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং রোপিত গাছের সুরক্ষা নিশ্চিত করতে কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। একই দিনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অপর সিনিয়র সহকারী কমিশনার মিথিলা দাস নাটোর সদর উপজেলার বৃক্ষরোপণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী পাঁচ বছরে পুঠিয়া উপজেলায় মোট ১ লাখ ২০ হাজার গাছ রোপণের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে চলতি ২০২৬ অর্থবছরে ২০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, কেবল গাছ রোপণ করেই দায়িত্ব শেষ করা হচ্ছে না, বরং রোপিত প্রতিটি গাছ যেন টিকে থাকে এবং সঠিকভাবে বেড়ে ওঠে সেজন্য নিয়মিত পরিচর্যা ও তদারকি অব্যাহত রাখা হয়েছে। সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব পুঠিয়া গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ আগামীতেও চলমান থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।