অবৈধ সার মজুদে তানোরে হিমাগার কর্তৃপক্ষকে জরিমানা
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড় এলাকায় নির্মাণাধীন একটি হিমাগারে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদের দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় বিএনপি নেতা ফজলুর রহমানের মালিকানাধীন নির্মাণাধীন ‘মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোর’-এ এই অভিযান পরিচালনা করা হয়। তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। তবে অভিযানে বিপুল পরিমাণ সার মজুদের প্রমাণ মিললেও তা জব্দ বা বাজেয়াপ্ত করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হিমাগারটিতে চোরাপথে আনা বিপুল পরিমাণ রাসায়নিক সার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় হিমাগারের ভেতর থেকে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার সত্যতা পাওয়া যায়। যথাযথ অনুমোদন ছাড়া এভাবে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, হিমাগারে বিপুল পরিমাণ সার মজুদ থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ কৃষকরা অভিযোগ করে বলেন, চলমান চাষাবাদের মৌসুমে তাঁরা ডিলারদের কাছে ঘুরেও এক বস্তা সার পাচ্ছেন না, অথচ একটি নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ করে রাখা হয়েছে। কোন উৎস থেকে এবং কাদের যোগসাজশে এসব সার সেখানে আনা হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। একইসঙ্গে মজুদকৃত সারগুলো বাজেয়াপ্ত করে সরকারি ন্যায্যমূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রির জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
অভিযানের বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক বলেন, অবৈধভাবে সার মজুদের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারগুলো কেন বাজেয়াপ্ত করা হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের নিজস্ব চাষযোগ্য জমির কাগজপত্র দেখিয়েছেন এবং সেই জমিতে ব্যবহারের উদ্দেশ্যেই সারগুলো সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন।