রাজশাহীর রায়পাড়ায় পচা কুকুরের গন্ধে ঘরবন্দি বাসিন্দারা
দেশসেরা পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে খ্যাত রাজশাহী মহানগরের একটি আবাসিক এলাকার রাস্তায় সকাল থেকে একটি মৃত কুকুর পড়ে থাকায় তীব্র দুর্গন্ধে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ নম্বর ওয়ার্ডের পূর্ব রায়পাড়া জামে মসজিদের উত্তর দিকে ডানপাশের গলিতে স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলামের বাড়ির সামনে কুকুরটির মরদেহ পড়ে রয়েছে। দীর্ঘ সময় পার হলেও মরদেহটি অপসারণ না করায় আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কুকুরটির শরীরে আগে থেকেই পচনশীল ঘা ছিল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে কুকুরটি ওই গলির রাস্তায় মরে পড়ে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মরদেহটি থেকে তীব্র ও অসহনীয় পচা দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দুর্গন্ধের কারণে ওই গলি দিয়ে পথচারীদের চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। এমনকি আশপাশের বাড়িঘরের বাসিন্দারা জানালা-দরজা বন্ধ রেখেও দুর্গন্ধ থেকে রেহাই পাচ্ছেন না এবং ঘরের বাইরে বের হতে পারছেন না।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নজরে আসার পর থেকেই তাঁরা রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেছেন এবং দ্রুত মরদেহটি অপসারণের অনুরোধ জানিয়েছেন। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলেও পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসী চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার-টানা দুই দিন সরকারি সাপ্তাহিক ছুটি। আজকের মধ্যে যদি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ কুকুরটির মরদেহ অপসারণ না করে, তবে কি ছুটির অজুহাতে টানা তিন দিন এলাকাবাসীকে এই অসহনীয় দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করতে হবে?
পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর যে সুনাম রয়েছে, নাগরিক সেবার এমন উদাসীনতা সেই অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুততম সময়ের মধ্যে পচা কুকুরটির মরদেহ অপসারণ করে এলাকায় ব্লিচিং পাউডার ছিটানোর জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী নগরবাসী।