জনবান্ধব পুলিশিং সুদৃঢ় করার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির
পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার শতভাগ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় ডিআইজি মীর আশরাফ আলী উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত নানা বিষয়ে গভীরভাবে খোঁজখবর নেন। এ সময় পুলিশ সদস্যদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন যৌক্তিক দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ শৃঙ্খলা, দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা আরও সুদৃঢ় করতে হবে। একইসঙ্গে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ প্রতিটি ক্ষেত্রে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি।
সভার শেষ পর্যায়ে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ দক্ষতা ও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী সিরাজগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।