মহাদেবপুরে উন্মুক্ত লটারিতে ১০ ইউনিয়নের ১০০ দরিদ্র নারীর কর্মসংস্থান নিশ্চিত
নওগাঁর মহাদেবপুর উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরইআরএমপি-৪) আওতায় সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে ১০০ জন দরিদ্র নারী শ্রমিক নিয়োগ সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক সুপারিশ ও দুর্নীতির সুযোগ বন্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফের নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই লটারি কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিঞা, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, সিনিয়র সাংবাদিক কিউ. এম. সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন এবং উপ-সহকারী প্রকৌশলী রাজিব আহমেদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রশাসন ও প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মোট ২৯৪ জন নারী আবেদন করেছিলেন। সবার উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১০০ জন নারীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত এসব নারী শ্রমিক আগামী তিন বছর ধরে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন কাজের বিনিময়ে ৩০০ টাকা করে মজুরি পাবেন। এর মধ্যে প্রতিদিন ২০০ টাকা তাঁদের হাতখরচ হিসেবে প্রদান করা হবে এবং বাকি ১০০ টাকা বাধ্যতামূলকভাবে নিজ নিজ ব্যাংক হিসাবে সঞ্চয় হিসেবে জমা থাকবে। মেয়াদ শেষে তিন বছর পর তাঁরা এই সঞ্চিত অর্থ একসঙ্গে উত্তোলন করতে পারবেন, যা ওই হতদরিদ্র পরিবারগুলোকে স্থায়ীভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন 'রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-৪ (আরইআরএমপি-৪)' প্রকল্পটি চলতি বছর শুরু হয়ে ২০২৯ সাল পর্যন্ত চলবে। ১ হাজার ৭২৩ দশমিক ১৫ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় সারাদেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় মোট ৪৪ হাজার ৪৬০ জন নারী শ্রমিক ৮৮ হাজার ৯২০ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করবেন। মূলত হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সারাবছর গ্রামীণ সড়কগুলোকে চলাচলের উপযোগী রাখাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।