শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চারঘাটে হলিদাগাছী আবাসনের ঈদগাহ-গোরস্থানের জমি দখল
মাঠ হারিয়ে বিপাকে শিশুরা

চারঘাটে হলিদাগাছী আবাসনের ঈদগাহ-গোরস্থানের জমি দখল

favicon
শাহিনুর রহমান সুজন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
চারঘাটে হলিদাগাছী আবাসনের ঈদগাহ-গোরস্থানের জমি দখল
রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী আবাসনের ঈদগাহ ও গোরস্থানের প্রায় দুই বিঘা জমি দখল করে ধান ও কলার চাষ।

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী আবাসনের ঈদগাহ ও গোরস্থানের প্রায় দুই বিঘা সরকারি জমি দখল করে ধান ও কলার চাষ করার অভিযোগ উঠেছে স্থানীয় তিন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের জন্য নির্ধারিত এই জমি বেদখল হয়ে যাওয়ায় একদিকে যেমন মসজিদ-ঈদগাহের কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে একমাত্র খেলার মাঠটি হারিয়ে চরম বিপাকে পড়েছে আবাসনের শত শত শিশু-কিশোর। জমি দখলমুক্ত করতে আবাসন কমিটির পক্ষ থেকে বারবার নিষেধ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও এখনো কার্যকর কোনো প্রতিকার মেলেনি। উল্টো প্রশাসনের কাছে অভিযোগ করায় আবাসনের বাসিন্দাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হলিদাগাছী আবাসনের পূর্ব পাশে অবস্থিত ঈদগাহ মাঠের বিশাল একটি অংশ জুড়ে ধান ও কলার আবাদ করা হয়েছে। যে উন্মুক্ত মাঠে একসময় এলাকাবাসী দুই ঈদের নামাজ আদায়ের পাশাপাশি শিশু-কিশোরেরা বিকেল হলেই ফুটবল ও গ্রামীণ খেলাধুলায় মেতে থাকত, সেই মাঠের বড় অংশ এখন ফসলের খেতে পরিণত হয়েছে। ফলে শিশুদের স্বাভাবিক বিনোদন ও খেলাধুলার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় ৭০ বিঘা সরকারি জমির ওপর গড়ে উঠেছে হলিদাগাছী আবাসন-১, ২ ও ৩ প্রকল্প। তিনটি প্রকল্পে মোট ৫০৪টি ঘরে বসবাস করছেন অসংখ্য ভূমিহীন ও ছিন্নমূল পরিবার। আবাসনের বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে প্রকল্পের ফাঁকা জায়গায় নির্মাণ করা হয়েছিল মসজিদ, ঈদগাহ ও গোরস্থান। এসব স্থাপনার সংলগ্ন উন্মুক্ত জায়গাটি বাসিন্দাদের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের খেলাধুলার একমাত্র কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, ঈদগাহের প্রায় ১৫ কাঠা জমি দখল করে ধান চাষ করছেন পার্শ্ববর্তী তালতলা এলাকার নূর মোহাম্মদের ছেলে আলমগীর হোসেন। এর পাশেই প্রায় ১০ কাঠা জমিতে কলাবাগান গড়ে তুলেছেন আজের আলীর ছেলে রিদয় আলী। এ ছাড়া সেফাত আলীর ছেলে তফসের আলী দখল করে চাষাবাদ করছেন আরও প্রায় ১২ কাঠা জমি। স্থানীয়দের দাবি, অভিযুক্ত এই তিনজনের কেউই বর্তমানে আবাসনের বাসিন্দা নন। সব মিলিয়ে বহিরাগত এই তিন ব্যক্তি আবাসনের প্রায় ৩৭ কাঠা জমি অবৈধভাবে দখল করে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন।

আবাসনের বাসিন্দা জহির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, জায়গাটি দীর্ঘদিন ফাঁকা ছিল এবং সেখানে আবাসনের ছেলেমেয়েরা নিয়মিত ফুটবল খেলত। এখন মাঠের যে সামান্য জায়গা অবশিষ্ট আছে, সেখানেও শিশুদের খেলতে দেওয়া হচ্ছে না। তিনি আরও জানান, গোরস্থানের ১৫ কাঠা জমি বছরে ১৫ হাজার টাকায় ইজারা দিয়ে মসজিদের ব্যয় নির্বাহ করা হয়। ঈদগাহের দখল হয়ে যাওয়া জমিটিও বৈধভাবে ইজারা দেওয়া গেলে মসজিদ ও ঈদগাহের উন্নয়ন খরচ মেটানো সম্ভব হতো। কিন্তু বহিরাগতরা জোরপূর্বক জমি দখল করে ভোগদখল করছেন।

খেলার মাঠ হারানোর বেদনার কথা জানিয়েছে আবাসনের কোমলমতি শিশুরাও। কয়েকজন শিশু জানায়, তারা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে চাঁদা তুলে একটি ফুটবল কিনেছিল এবং স্কুল থেকে ফিরে প্রতিদিন ঈদগাহ মাঠে খেলত। কিন্তু একদিন খেলার সময় বলটি পাশের কলাবাগানে চলে গেলে কলাগাছ লাগানো ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে বলটি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন। সেই ঘটনার পর থেকে ভয়ে তারা আর মাঠে খেলতে যেতে পারছে না।

ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, বহিরাগতরা এসে আবাসনের নির্ধারিত জমি দখল করে চাষাবাদ করছেন। আবাসন ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে বারবার নিষেধ করেও তাঁদের থামানো যায়নি। বাধ্য হয়ে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই আমাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।

তবে জমি দখল ও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলমগীর হোসেন। তাঁর দাবি, তিনি মন্টু নামে এক ব্যক্তির কাছ থেকে টাকার বিনিময়ে জমিটি লিজ নিয়ে আবাদ করছেন এবং কাউকে কোনো ধরনের হুমকি-ধমকি দেননি। তবে আবাসনের বাসিন্দারা জানান, মন্টু নামে ওই ব্যক্তি প্রায় ১৫ বছর আগেই আবাসন ছেড়ে চলে গেছেন এবং সেখানে বসবাস করেন না। ফলে সরকারি আবাসনের জমি অন্য কাউকে ইজারা দেওয়ার কোনো বৈধ অধিকার তাঁর রয়েছে কি না, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে কলাচাষি রিদয় আলী ও তফসের আলীও মমিন নামে অপর এক ব্যক্তির কাছ থেকে জমি লিজ নেওয়ার কথা জানিয়েছেন। অথচ আবাসন কমিটির তথ্যমতে, মমিনও গত এক বছর ধরে আবাসনে বসবাস করেন না। ফলে সরকারি খাস ও আবাসনের জমির মালিকানা, ইজারা দেওয়ার এখতিয়ার এবং চাষাবাদের বৈধতা নিয়ে এলাকায় তীব্র বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মুনজুর রহমান বলেন, তিনি আবাসন এলাকা পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের কাছ থেকে দখলের অভিযোগটি শুনেছেন। বিষয়টি সরেজমিনে আরও অধিকতর তদন্ত করে উপজেলা ভূমি অফিসে প্রতিবেদন পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্রই সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে অবৈধ দখলদারদের উচ্ছেদপূর্বক সরকারি জমি পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন, আবাসনের জমি দখলের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।