শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহী মহানগরীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

রাজশাহী মহানগরীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ১০টি ওয়ার্ডে একযোগে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে রাজশাহী মহানগরীর ১০টি ওয়ার্ডে একযোগে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এবং রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের বিশেষ নির্দেশনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নগরীর ১৫, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর—এই মোট ১০টি ওয়ার্ডে একযোগে ২০টি ফগার মেশিনের সাহায্যে মশক নিধনকারী কীটনাশক স্প্রে করা হয়েছে। এর আগে একই কর্মসূচির আওতায় গত ১০ নভেম্বর নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এবং ১১ নভেম্বর ১৩, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে ফগার স্প্রে কার্যক্রম সম্পন্ন করা হয়। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে মহানগরীর ৩০টি ওয়ার্ডেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিটি মহল্লার স্ল্যাব, উন্মুক্ত ও আন্ডারগ্রাউন্ড ড্রেন, পরিত্যক্ত ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য সব প্রজননস্থলে নিবিড়ভাবে কীটনাশক ছিটানো হচ্ছে। ওয়ার্ডভিত্তিক নিয়মিত কার্যক্রমের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থাপনায় এবং নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।

অভিযানের বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী এই বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একযোগে ১০টি ওয়ার্ডে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হয়েছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ডেঙ্গুর প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুরো ৩০টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এই কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এ অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিভিন্ন ওয়ার্ডে ফগার স্প্রে কার্যক্রম চলাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাসিকের পরিচ্ছন্ন বিভাগ ও মশক নিধন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সচিব ও কর্মচারীরা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।