আরএমপির অপরাধ পর্যালোচনা সভা: দ্রুত ফরেনসিক প্রতিবেদন ও কঠোর আইনানুগ ব্যবস্থার তাগিদ
রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আন্তঃসংস্থা সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিগত মাসের সংঘটিত অপরাধের চিত্র, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং নগরীর যানজট নিরসনে পুলিশের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়। এ সময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ মতামত ও গঠনমূলক সুপারিশ উপস্থাপন করেন। বিশেষ করে রাজশাহী মহিলা চেম্বার অব কমার্স ও হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহানগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আরও উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম মহানগরীতে অপরাধ দমনে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার কঠোর নির্দেশনা দেন। মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির স্বার্থে সংশ্লিষ্ট বিভাগগুলোকে মেডিকেল ও ফরেনসিক প্রতিবেদন যথাসময়ে সরবরাহ করার অনুরোধ জানান তিনি। এ ছাড়া চিহ্নিত ও পেশাদার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সব সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার আহ্বান জানান পুলিশ কমিশনার।
সভায় নগরীর বাস টার্মিনাল এলাকার নিরাপত্তা প্রসঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। টার্মিনাল এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবনসহ যেকোনো ধরনের নাশকতামূলক অপরাধ প্রতিরোধে বাস মালিক সমিতির প্রতিনিধিদের টার্মিনালের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান আরএমপি কমিশনার।
সমন্বয় সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. দেলোয়ার হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএনের (এসআরইউ) অতিরিক্ত ডিআইজি তানভির মমতাজ, বিপিএম, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রায়হানুল ইসলামসহ র্যাব-৫, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নৌ-পুলিশ, আনসার ব্যাটালিয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও), ফরেনসিক মেডিসিন বিভাগ, রাসায়নিক পরীক্ষক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। পাশাপাশি নাগরিক ও সামাজিক সংগঠনের মধ্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মহিলা চেম্বার অব কমার্স, ব্র্যাক, দিনের আলো হিজড়া সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।