আরএমপি কমিশনারের হাতে নিজের লেখা দুটি কাব্যগ্রন্থ তুলে দিলেন পরিদর্শক শাহনুর আলম
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সৃজনশীল সাহিত্যচর্চায়ও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শাহনুর আলম। সম্প্রতি তিনি তাঁর স্বরচিত দুটি কাব্যগ্রন্থ ‘বুনো পায়রা’ ও ‘প্রেমানন্দিতা’ আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম-এর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দিয়েছেন।
পুলিশি দায়িত্বের প্রাত্যহিক ব্যস্ততা ও মানসিক চাপ সামলেও দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাব্য ও সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন পুলিশ পরিদর্শক শাহনুর আলম। তাঁর লেখনীতে সমাজ, জীবনবোধ, প্রকৃতি ও মানবিক আবেগের নানা দিক অত্যন্ত সুনিপুণভাবে ফুটে উঠেছে। পাঠক মহলে প্রশংসিত এই দুটি কাব্যগ্রন্থের পর খুব শিগগিরই তাঁর আরও নতুন কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে বলে জানা গেছে।
বই দুটি গ্রহণের সময় আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম একজন পুলিশ কর্মকর্তার কঠোর পেশাগত দায়িত্বের পাশাপাশি এমন মননশীল ও সৃজনশীল সাহিত্যচর্চার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি আরএমপি পরিবারের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক শাহনুর আলমের সাহিত্যচর্চার এই ধারাবাহিকতা বজায় থাকার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।