শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতি-ছাত্রলীগের ৩ নেতা আটক
উদ্ধার ৪০ মশাল ও চাকু

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতি-ছাত্রলীগের ৩ নেতা আটক

favicon
মোহনপুর প্রতিনিধি :
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতি-ছাত্রলীগের ৩ নেতা আটক
ছবিতে আটক মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার পত্রপুর এলাকায় যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি চাকু ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পত্রপুর এলাকায় যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী সমবেত হন। তাঁরা মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে ওই মিছিলের আয়োজন করা হচ্ছিল।

এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হাসান শ্রাবণ রুবেল ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেন বলে জানা গেছে। পরে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা পালিয়ে যান।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় আট ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব সামগ্রী তদন্তের স্বার্থে পরীক্ষা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় রাতে কয়েকজন ব্যক্তি যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা এবং মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানার পর ছাত্রদল নেতা রুবেল ঘটনাস্থলে যান এবং তাঁদের বাধা দেন। পরে পুলিশ পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মাহমুদুল হাসান শ্রাবণ রুবেল বলেন, “আমরা রাজপথে প্রস্তুত আছি। কেউ নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। রাতে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের সামনে একাই গিয়ে বাধা দিয়েছি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সাধারণ মানুষ রক্ষা পেয়েছে।” একই সঙ্গে তিনি জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে মহাসড়কের পাশে মশাল মিছিলের প্রস্তুতি এবং অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং উদ্ধার করা সামগ্রীর বিষয়ে পুলিশের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।