‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ’
শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিশুই যেন সমাজের স্বাভাবিক মূলধারা থেকে বিচ্ছিন্ন বা পিছিয়ে না থাকে, সে লক্ষ্যে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি স্পষ্ট করেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসম্মত শিক্ষা, নিয়মিত চিকিৎসাসেবা, নিবিড় পরিচর্যা ও টেকসই সামাজিক পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের একটি যৌথ মানবিক দায়িত্ব।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে মান্দা উপজেলা সদরের দয়ালের মোড় এলাকায় অবস্থিত ‘ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টার’ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণিকক্ষ, বিশেষ থেরাপি ইউনিট ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষক, পরিচর্যাকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে তাদের অ্যাকাডেমিক পরিবেশ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু আরও বলেন, জন্মগত বা যেকোনো দুর্ঘটনায় প্রতিবন্ধিতা কোনো অপরাধ কিংবা করুণার বিষয় নয়; বরং এদের যথাযথ যত্ন, স্নেহ ও আধুনিক থেরাপির মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব। তিনি সমাজের বিত্তবান ও সুশীল সমাজকে এ ধরনের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান। একই সাথে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও শিক্ষা উপকরণের উন্নয়নে সব ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা।
এ ছাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।