রাজশাহীতে পানিবন্দী পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির জেরে রাজশাহীতে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত ও পানিবন্দী অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত খাদ্যসামগ্রী ও সার্বিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর প্রত্যক্ষ নির্দেশনায় রাজশাহী মহানগরী ও পার্শ্ববর্তী নদী তীরবর্তী চরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে এই জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরসহ পদ্মা নদীর অববাহিকা সংলগ্ন প্লাবিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরাসরি চাল, ডাল, তেলসহ শুকনো ও প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর সন্তান মোঃ সাইফ রহমান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হাসান। এ ছাড়া মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও কার্যক্রমে অংশ নেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, পদ্মার পানি বাড়ার ফলে তীরবর্তী বহু বসতভিটা ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ পানিবন্দী অবস্থায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন। এই সংকটকালে কোনো বানভাসি পরিবার যেন অনাহারে দিন না কাটায়, তা নিশ্চিত করতেই তাৎক্ষণিকভাবে এই ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিয়মিত খাদ্য সরবরাহ ও সার্বিক পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।