চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৬ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ প্রশাসনের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত রেজিস্ট্রেশনবিহীন তিনটি মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মো. আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের মো. সোহেল রানা (২৩) ও মো. আসিফ (২২), তারাপুর মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের মো. ইমন রেজা (২৬) এবং কয়লার দিয়াড় গ্রামের মো. আশিক (২২)। এ ঘটনায় জড়িত শিবগঞ্জ থানার সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০) ও কয়লার দিয়াড় গ্রামের শ্রী সুশান্ত সিংহ (২৫) নামে আরও দুই সহযোগী পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনের নেতৃত্বে ধারাবাহিক অভিযানটি পরিচালিত হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানার এসআই মো. জাহিদ হাসান ও এসআই মো. শাকিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি লাল রঙের হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেলসহ চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে শিবগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। অভিযানে চক্রের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বসতবাড়ি থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি ও একটি লাল রঙের হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত পলাতক অপর দুই আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।