তানোরে সাংবাদিককে হুমকি
রাজশাহীর তানোরে অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মী সোহানুল হক পারভেজকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি। অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নূরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হুমকি দেওয়া হচ্ছে। সত্য প্রকাশে বাধা দিয়ে কোনো মহল পার পাবে না। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা যখন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন, তখনই একটি চিহ্নিত চক্র পেশিশক্তি প্রদর্শন করে তাদের স্তব্ধ করার অপচেষ্টা চালায়।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, সাংবাদিক সোহানুল হক পারভেজকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রাণে মেরে ফেলার হুমকি সরাসরি আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা ও ফৌজদারি অপরাধ। পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে তারা বলেন, তানোর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি নং- ৭৬৪) ভিত্তিতে দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রধান অভিযুক্ত মো. মিন্টু ও সহযোগী মো. শরিয়তুল্লাহসহ জড়িতদের কালবিলম্ব না করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী সাংবাদিকের পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করারও তাগিদ দেন তারা। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।