বাগমারা থেকে একই দিনে দুই জা নিখোঁজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে বাড়ি থেকে বের হয়ে একই পরিবারের দুই গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। দীর্ঘদিনেও তাদের খোঁজ না পাওয়ায় স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ দুই গৃহবধূ হলেন কাতিলা গ্রামের শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০) এবং দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯)। সম্পর্কে তারা পরস্পরের জা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে কাতিলা গ্রামের বাড়ি থেকে তারা দুজন একসঙ্গে বের হন। এর পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তারা আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থান, আশপাশের এলাকা এবং দূর-দূরান্তের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পাননি।
নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে দিন পেরিয়ে ১০ দিন পূর্ণ হলেও তাদের কোনো তথ্য বা সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের দুশ্চিন্তা ক্রমাগত বাড়ছে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সাধারণ ডায়েরিভুক্ত হওয়ার পর থেকেই পুলিশ নিখোঁজ দুই গৃহবধূর সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়ার পাশাপাশি তাদের অবস্থান শনাক্তে মাঠপর্যায়েও অনুসন্ধান অব্যাহত রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।