আত্রাইয়ে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই
নওগাঁর আত্রাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ভবানীপুর বাজারে সড়কের ঠিক মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকাকরণের কাজ। পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিকবার লিখিত আবেদন এবং কর্মকর্তা পর্যায়ের তদন্তের পরও খুঁটিটি অপসারণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক সড়কের মাঝখানে বিপজ্জনকভাবে খুঁটিটি রেখে ঢালাই কাজ অব্যাহত থাকায় একদিকে যেমন নিত্যদিনের যান চলাচলে স্থবিরতা নেমে এসেছে, অন্যদিকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় তীব্র ক্ষোভ বিরাজ করছে জনমনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ভবানীপুর বাজারে বিশাল পরিসরে হাট বসে। এ ছাড়া সপ্তাহের অন্যান্য দিনেও নিয়মিত বাজার বসে এবং ধান, গম, ভুট্টা ও সরিষার বড় বড় আড়ত এই সড়কের পাশেই গড়ে উঠেছে। ফলে হাজারো ক্রেতা-বিক্রেতা এবং পণ্যবাহী যানবাহনের সার্বক্ষণিক ব্যস্ততা থাকে এই সড়কে। কিন্তু জনস্বার্থের এমন একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ চালিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভবানীপুর হাটের ইজারাদারের প্রতিনিধি রফিকুল ইসলাম চঞ্চল। তিনি জানান, হাটের দিনগুলোতে শত শত মানুষের ভিড় জমে। এমন পরিস্থিতিতে সড়কের কেন্দ্রস্থলে খুঁটি রেখে ঢালাই কাজ শেষ হলে পুরো এলাকার যান চলাচল স্থায়ীভাবে ব্যাহত হবে এবং সাধারণ পথচারীদের জীবন ঝুঁকিতে পড়বে।
এ বিষয়ে ভ্যানচালক জামাল উদ্দীন ও পথচারী মেহেদি হাসান জানান, সরকারি কোষাগারে এই বৃহৎ হাট থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব জমা হলেও সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা এখনো উপেক্ষিত। সড়ক সংস্কার শুরুর সময় আশা করা হয়েছিল দীর্ঘদিনের এই বিপজ্জনক খুঁটিটি এবার সরানো হবে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর সমন্বয়ের অভাবে চরম ভোগান্তির মাঝেই চলছে নির্মাণকাজ। দ্রুততম সময়ের মধ্যে এই খুঁটি অপসারণ করে পূর্ণাঙ্গ সড়ক নিশ্চিতের জোর দাবি জানান তাঁরা।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আরিফুজ্জামান লেবু জানান, প্রায় দুই মাস আগে সড়কের মাঝখান থেকে এই ঝুঁকিপূর্ণ খুঁটিটি স্থানান্তরের জন্য উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে প্রাতিষ্ঠানিক আবেদন করা হয়। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা দুই দফা সরেজমিন তদন্তও সম্পন্ন করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, ফলে খুঁটি অপসারণের বিষয়টি ফাইলবন্দী হয়ে পড়েছে।
সমন্বয়হীনতার বিষয়টি স্বীকার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, ইউপি হাট উন্নয়ন তহবিলের আওতায় জনগণের চলাচলের সুবিধার জন্যই সড়কটিতে ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক সংস্কারের স্বার্থে খুঁটিটি দ্রত স্থানান্তরের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও একাধিকবার বিদ্যুৎ বিভাগের সাথে সরাসরি যোগাযোগ করা হলেও অদ্যাবধি কোনো কার্যকর সমাধান মেলেনি।
তবে জনভোগান্তির বিষয়টি এড়িয়ে না গিয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই এলাকার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দীন জানান, ভবানীপুর বাজারের ওই খুঁটিটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে খুঁটিটি অপসারণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।