রাবি বিএনসিসি বিমান শাখার প্রথম নারী সিইউও অপর্ণাকে র্যাংক ব্যাজ প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিমান শাখায় যুক্ত হলো এক নতুন মাইলফলক। শাখাটির ইতিহাসে এই প্রথম একজন নারী ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন। ইতিহাস গড়া এই ক্যাডেট হলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাসমীম রশিদ অপর্ণা।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নবনিযুক্ত সিইউও তাসমীম রশিদ অপর্ণাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো জরুরি ও গুরুত্বপূর্ণ আয়োজনে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা সবসময়ই দৃশ্যমান ও প্রশংসনীয়। বিশেষ করে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল রাখা, জাতীয় দিবসগুলো উদযাপনসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমে ক্যাডেটরা যে আন্তরিক স্বেচ্ছাসেবা দিয়ে থাকেন, তা ক্যাম্পাসের পরিবেশকে সুশৃঙ্খল রাখতে বড় ভূমিকা রাখে। ভবিষ্যতেও ক্যাডেটদের এই জনকল্যাণমুখী ও ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শিক্ষার্থীদের পাঠ্যক্রমবহির্ভূত এমন ইতিবাচক চর্চার গুরুত্ব তুলে ধরে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম বলেন, নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বিএনসিসির মতো নেতৃত্ব ও শৃঙ্খলাবোধের প্ল্যাটফর্ম তরুণ প্রজন্মকে দক্ষ নাগরিকে রূপান্তর করে। এখান থেকে অর্জিত শৃঙ্খলা, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি ভবিষ্যতে সমাজ বিনির্মাণ এবং দেশ গঠনে কার্যকর অবদান রাখবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ক্যাডেটদের জনসেবামূলক মনোভাবের ভূয়সী প্রশংসা করে বলেন, বিভিন্ন জাতীয় সংকট ও প্রাকৃতিক দুর্যোগে বিএনসিসি সদস্যরা নিঃস্বার্থভাবে মানবিক সহায়তা ও জরুরি সেবা প্রদানে এগিয়ে আসেন। তরুণ সমাজের জন্য এটি অত্যন্ত অনুকরণীয় ও দৃষ্টান্তমূলক একটি প্রয়াস।
র্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, রাবি বিএনসিসির চিফ কো-অর্ডিনেটিং অফিসার এবং বিমান শাখার প্রফেসর আন্ডার অফিসার প্রফেসর বিমল কুমার প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা প্রথম নারী ক্যাডেট হিসেবে বিমান শাখার সর্বোচ্চ পদমর্যাদা অর্জন করায় তাসমীম রশিদ অপর্ণাকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।