নাচোলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে করণীয় নির্ধারণের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাসের সভাপতিত্বে আয়োজিত সভায় কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা।
সভায় রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন নাচোল উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব এবং নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি গ্রাম ও পৌর এলাকার অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও প্রিয়াঙ্কা দাস বলেন, সাধারণ মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি বাসযোগ্য ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও জানান, নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অপরাধমুক্ত নাচোল বিনির্মাণে প্রশাসন, পুলিশ বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে পারস্পরিক তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়িয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।