রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই ও ইবনে সিনার সমঝোতা চুক্তি
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন এবং ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মধ্যে সদস্যদের কল্যাণে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষিকা, রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশনের সকল সদস্য, বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা দেশের সব ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শাখায় বিশেষ মূল্যছাড়ে (ডিসকাউন্ট) স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী প্যাথলজিক্যাল পরীক্ষা, ইমেজিং টেস্টসহ বিভিন্ন প্রয়োজনীয় ডায়াগনস্টিক সেবায় বিশেষ ছাড় দেওয়া হবে। ফলে উপকারভোগীরা উন্নত, নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা তুলনামূলক কম খরচে গ্রহণের সুযোগ পাবেন।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি সংগঠনের সদস্যকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবে।
উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই সমঝোতা চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সংশ্লিষ্ট সবাই এর সুফল ভোগ করবেন।