রাজশাহীতে কিশোর রিকশাচালককে মারধর ও ছিনতাই
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক কিশোর রিকশাচালকের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। রোববার (৫ জুলাই) শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানাধীন বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক কিশোর রিকশাচালককে অতর্কিতভাবে মারধর করে এবং তার কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ফয়েজুল কবির-এর নজরে আসে। পরে তাঁর নির্দেশে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে কিশোর গ্যাং, ছিনতাই, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।