রাজপাড়া থানায় দাদন ব্যবসা সংক্রান্ত বিরোধে যুবক নিহত; মূল আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ পূর্বপাড়ায় দাদন ব্যবসা নিয়ে বিরোধের জেরে ওমর ফারুক শান্ত (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বুসুয়া গ্রামের দাদন ব্যবসায়ী রিপন ও তার ভাই নয়নকে দাদন ব্যবসা বন্ধ করার অনুরোধ জানান শান্ত। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে শান্তর বিরোধ তৈরি হয়।
গত ১০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলিগঞ্জ পূর্বপাড়ার এজাজের চায়ের দোকানের সামনে গলির ভিতরে শান্ত ও রিপন পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন, তার ছোট ভাই নয়ন, নয়নের বন্ধু রুবেলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন শান্তকে ঘিরে ফেলে। রিপনের নির্দেশে তারা ধারালো অস্ত্র দিয়ে শান্তকে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই রাজপাড়া থানা পুলিশ, ডিবি ও সিটিটিসি সমন্বিত একটি বিশেষ দল আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ভোর রাতে প্রধান আসামি রিপনকে বাঘা থানার নারায়ণপুর গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাজপাড়া থানায় হত্যা মামলা রুজু হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত রিপনকে আজ আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।