বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান জোবায়দা রহমানের
বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে সম্পদ, পরিচ্ছন্ন জ্বালানি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাময় উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জোবায়দা রহমান। তিনি বলেছেন, কোনো ধরনের ব্যবহার ছাড়াই বর্জ্য নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর, পরিবেশদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে পরিণত করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের অংশগ্রহণে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশের জলবায়ু লক্ষ্যমাত্রা তুলে ধরে ডা. জোবায়দা রহমান জানান, জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই লক্ষ্য অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ বাংলাদেশের সরকারের উন্নয়ন ও পরিবেশগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ব্যাখ্যা করে তিনি জানান, দেশে থ্রি-আর বা রিডিউস, রিইউজ ও রিসাইকেল নীতি অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ বর্জ্যের উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য সামগ্রী পুনরায় ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন সম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ এবং নিরাপদ ও পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বৃহৎ প্রকল্পের কথা উল্লেখ করে জোবায়দা রহমান বলেন, এ প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে শহরের বর্জ্য ব্যবস্থাপনার চাপ কমবে, অন্যদিকে বর্জ্যকে পরিচ্ছন্ন জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন, ল্যান্ডফিল থেকে গ্যাস সংগ্রহ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে উৎপন্ন ঝুঁকিপূর্ণ বর্জ্য পৃথকীকরণ, যথাযথ প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মতভাবে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্লাস্টিক দূষণ মোকাবিলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের সম্ভাবনার কথাও তুলে ধরেন ফার্স্ট স্পাউস। তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে পাটের বহুমুখী ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যের বাজার তৈরিও গুরুত্বপূর্ণ। এ সময় সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য বৈঠকে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান তিনি।
এ ছাড়া দেশের নদী, লেক, খাল, পুকুরসহ বিভিন্ন জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, জলাশয় দূষণমুক্ত রাখা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়, বরং জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও নগরজীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিথেন গ্যাসের নিঃসরণ কমানোর বিষয়ে তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণ, ধান চাষের উন্নত পদ্ধতি অনুসরণ এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও বর্জ্য খাত থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি সম্পদের কার্যকর ব্যবহারও বাড়বে।
জিরো ওয়েস্ট বা বর্জ্যবিহীন সমাজ গঠনের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জোবায়দা রহমান বলেন, কোনো একটি দেশের একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সহজলভ্য ও সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত অপ্রাতিষ্ঠানিক কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সচেতনতা তৈরির উদ্যোগ শুরু করতে হবে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় সমাজ থেকে। তরুণরা শুধু ভবিষ্যতের নেতৃত্ব নয়, বর্তমান সময়ের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলারও গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই ও দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব নয়।
বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান ডা. জোবায়দা রহমান। একই সঙ্গে বর্জ্যমুক্ত বিশ্ব গঠনের উদ্যোগ এগিয়ে নিতে তাঁর নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে জোবায়দা রহমান বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্যের কার্যকর ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত। সম্মিলিত উদ্যোগ, কার্যকর নীতি এবং বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার মধ্য দিয়েই বর্জ্যকে সম্পদে পরিণত করে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।