উৎপাদনে যেতে না পারা ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখন পর্যন্ত উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান ও নির্ধারিত মানদণ্ড অনুসরণে ব্যর্থ কোনো ট্যানারিকে উৎপাদন কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডসভিত্তিক সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাতে রপ্তানি সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে উঠে এসেছে।
তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পণ্যের গুণগত মান উন্নয়ন, পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, বিশ্ববাজারে টিকে থাকতে আন্তর্জাতিক মান ও পরিবেশগত শর্ত পূরণ করতে হবে।
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের কাঙ্ক্ষিত অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিয়েছে। স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
পরিবেশগত শর্তের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশ সুরক্ষা ও বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) আরও কার্যকর করতে এর সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ব্যবস্থা বাস্তবায়িত হলে চামড়াশিল্পের বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি আসবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। এ অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা তুলে ধরে তিনি বলেন, ব্যাংকঋণ পেতে জটিল নথিপত্র ও দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে উদ্যোক্তারা যাতে সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পান, সে ব্যবস্থা গড়ে তোলা হবে।
মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করেছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ। তাঁর মতে, এ হার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধে শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের মতো রপ্তানিমুখী খাতে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাংলাদেশের শিল্প খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকার, সিবিআই এবং সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
মন্ত্রী বলেন, টেকসই উৎপাদনব্যবস্থা, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা, হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়ন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।