রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা কামনা করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষা এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তাঁর রোহিঙ্গা শিবির পরিদর্শন দীর্ঘদিনের এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় ধরনের আর্থসামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করছে। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের দীর্ঘমেয়াদি অবস্থান দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে। একই সঙ্গে এ সংকট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান। নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন তিনি।
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের বিষয়েও কথা বলেন।
তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।