তিন জেলায় বিজিবির নিরাপত্তা জোরদার
রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং কৌশলগত বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তিন জেলায় মোট ৩৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা বজায় রাখা, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুর এলাকায় ২ প্লাটুন, জিরানী এলাকায় ২ প্লাটুন, আশুলিয়ায় ৯ প্লাটুন এবং জামগড়া এলাকায় ২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা এলাকায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাক এলাকায় ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন, কাশিমপুর এলাকায় ১ প্লাটুন, নাওজোর এলাকায় ১ প্লাটুন, ভোগড়া বাইপাস এলাকায় ১ প্লাটুন, গাছা এলাকায় ১ প্লাটুন এবং সালনা এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়ি এলাকায় ২ প্লাটুন, বিসিক শিল্পনগরী এলাকায় ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির এ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।