ভূমিসেবায় হয়রানি কমাতে ২৪ ঘণ্টার হটলাইন
ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি, অনিয়ম ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয়। পাশাপাশি জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ড্যাশবোর্ডভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ভূমিসেবা সম্প্রসারণ, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নজরদারির মাধ্যমে ভূমি খাতে সেবার মান উন্নয়নে কাজ করছে মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এসব তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা অনলাইনে দেওয়ার পাশাপাশি স্বয়ংক্রিয় ও ডিজিটাল ভূমিসেবা সম্প্রসারণের কার্যক্রম চলমান রয়েছে। মাঠপর্যায়ে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি বন্ধে ভূমি মন্ত্রণালয়ে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। এই টিম নিয়মিত ভূমিসেবার মান, অনিয়মের অভিযোগ এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করছে।
তিনি জানান, নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিযোগ গ্রহণ ও পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তর কিংবা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে অভিযোগের নিষ্পত্তি কতদূর এগিয়েছে, সেটিও নিয়মিত তদারকি করা হচ্ছে। ভূমিসেবা পেতে হয়রানি, দুর্নীতি, অনিয়ম কিংবা অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার জন্য ‘ভূমিসেবায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা অনলাইনে অভিযোগ দাখিলের পাশাপাশি অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির তথ্য জানতে পারবেন।
ভূমিমন্ত্রী আরও জানান, নাগরিকদের ভূমিসেবা সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ভূমিসেবা কল সেন্টার চালু রয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬১২২ নম্বরে ফোন করে নাগরিকেরা এ সেবা নিতে পারছেন।
প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে বিশেষ হটলাইনও চালু করা হয়েছে। এসব হটলাইনে পাওয়া অভিযোগের রেকর্ড সংরক্ষণ করা হয় এবং প্রতিটি অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, অনলাইন ব্যবস্থার পাশাপাশি সরাসরি বা হার্ড কপি আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়া অভিযোগ নিষ্পত্তির জন্য একটি স্বতন্ত্র শাখা খোলা হয়েছে। এই শাখার মাধ্যমে অভিযোগ তদন্ত করে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি ও নাগরিক হয়রানির যেসব অভিযোগ প্রকাশিত হয়, সেগুলোর বিষয়েও মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
মাঠপর্যায়ে ভূমি অফিসকে দুর্নীতি ও দালালমুক্ত করতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, ভূমিসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারী একই কর্মস্থলে টানা তিন বছর বা তার বেশি সময় দায়িত্ব পালন করলে তাঁদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে অনিয়ম ও অনৈতিক প্রভাব বিস্তারের সম্ভাবনা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতেও প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করা হচ্ছে। এ লক্ষ্যে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে লোকেশন যাচাইয়ের পাইলটিং কার্যক্রম চলছে। পাশাপাশি ড্যাশবোর্ডভিত্তিক তদারকি ব্যবস্থার মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নাগরিকদের ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা সংক্রান্ত তথ্য পেতে ভোগান্তি কমানোর লক্ষ্যে ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম’ (ল্যান্ড রেভিনিউ কেস ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ডিজিটাল ভূমিসেবার কার্যকর বাস্তবায়ন, কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং জোরদার, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ভূমি অফিসে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি কমাতে মন্ত্রণালয় কাজ করছে।
ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের এসব উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়। বিশেষ করে ডিজিটাল সেবা ও কেন্দ্রীয় নজরদারির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ নিষ্পত্তি নিশ্চিত করাই হবে এসব উদ্যোগের বড় পরীক্ষা।