বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › মোবাইল কোর্টে স্বচ্ছতা আনতে ৬ নির্দেশনা
ভিডিও ধারণ, জব্দ মালামাল সংরক্ষণ ও মিডিয়া সেল গঠনের নির্দেশ

মোবাইল কোর্টে স্বচ্ছতা আনতে ৬ নির্দেশনা

favicon
উপচার ডেস্ক :-
মোবাইল কোর্টে স্বচ্ছতা আনতে ৬ নির্দেশনা

মোবাইল কোর্টের কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনায় মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ, জব্দ করা মালামাল নিরাপদে সংরক্ষণ, আপিল মামলায় সরকারপক্ষে নির্দিষ্ট আইনজীবী নিয়োগ, পেশকারদের প্রশিক্ষণ এবং প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠনের কথা বলা হয়েছে।

গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

পরিপত্রে বলা হয়, মোবাইল কোর্টের কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং পরিচালনাগত স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থায় সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে ভিডিওর একটি কপি সংশ্লিষ্ট মিডিয়া সেলের কাছেও পাঠাতে হবে।

মোবাইল কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী ধারণ করা ভিডিও আপিল আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে। এর মাধ্যমে অভিযান পরিচালনার প্রক্রিয়া, সংশ্লিষ্ট ঘটনার বিবরণ এবং আদালতের আদেশের যৌক্তিকতা যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

জব্দ করা মালামাল সংরক্ষণেও নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করতে হবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে হবে।

জব্দ করা মালামালের পূর্ণাঙ্গ বিবরণ সংরক্ষণের জন্য নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে। রেজিস্টারের প্রতিটি এন্ট্রিতে সংশ্লিষ্ট সহকারী কমিশনারকে স্বাক্ষর করতে হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে সংরক্ষিত মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। এতে জব্দ করা মালামালের হিসাব ও সংরক্ষণ প্রক্রিয়ায় নজরদারি বাড়বে। অন্যদিকে, পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন মালামাল প্রচলিত বিধিবিধান অনুসরণ করে নিষ্পত্তি করতে হবে।

মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলায় সরকারপক্ষে আইনি কার্যক্রম পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটরদের মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবী নিয়োগ দেবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে।

নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা সংশ্লিষ্ট আপিল মামলার অগ্রগতি, প্রয়োজনীয় তথ্য এবং নথিপত্রের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন। শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, নথি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিযানের ভিডিও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন। পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

মোবাইল কোর্ট পরিচালনার কাজে সহায়তা নিশ্চিত করতে জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক ব্যক্তিকে লিখিত আদেশের মাধ্যমে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেবেন।

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত এসব কর্মচারীর প্রয়োজনীয় প্রশিক্ষণ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শক্রমে প্রশিক্ষণের আয়োজন করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মচারীদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।

এ ছাড়া মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রচার আরও গতিশীল করতে প্রতিটি জেলায় চার সদস্যের একটি করে মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা তথ্য অফিসার অথবা সহকারী জেলা তথ্য অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার অথবা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন। জে.এম শাখার সিনিয়র সহকারী কমিশনার অথবা সহকারী কমিশনার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

মিডিয়া সেলের প্রধান কাজ হবে মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। সংগৃহীত উপকরণ প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ উপযুক্ত বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে।

এ কাজে প্রয়োজনে জেলার অন্যান্য কর্মকর্তার সহযোগিতা নেওয়া যাবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কারিগরি সেবাও ক্রয় করা যাবে। এ-সংক্রান্ত ব্যয় সরকারি বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোও নিজস্ব ব্যবস্থাপনায় পৃথক মিডিয়া সেল গঠন করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুসরণ করেও দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন নির্দেশনাগুলো বাস্তবায়িত হলে মোবাইল কোর্ট পরিচালনার প্রতিটি ধাপের নথিভুক্তি ও নজরদারি বাড়বে। একই সঙ্গে জব্দ করা মালামালের ব্যবস্থাপনায় শৃঙ্খলা, আপিল মামলায় সরকারি পক্ষের আইনি প্রস্তুতি এবং জনসাধারণের কাছে অভিযানের তথ্য প্রকাশের সুযোগ আরও সুসংগঠিত হবে। তবে এসব নির্দেশনার কার্যকারিতা নির্ভর করবে যথাযথ বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার ওপর।