জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে পর্যাপ্ত অনুদান ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু সংকটের জন্য দায় কম হলেও বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে এর সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। তাই এসব দেশের জন্য সহজ শর্তে অর্থায়ন, আধুনিক প্রযুক্তির প্রাপ্যতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে দেওয়া ভাষণে তিনি এসব দাবি জানান।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতে বিশ্বনেতাদের সামনে পাঁচ দফা জরুরি প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। তাঁর প্রস্তাবের মূল লক্ষ্য হলো জলবায়ু অর্থায়নে ন্যায্যতা প্রতিষ্ঠা, ঋণনির্ভরতা কমানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা বাড়ানো।
প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে জলবায়ু মোকাবিলায় প্রতিটি দেশের দায়িত্ব ও সামর্থ্য বিবেচনায় নিতে হবে। যেসব দেশ ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণ করেছে, তাদেরই জলবায়ু সংকট মোকাবিলায় অধিক দায়িত্ব পালন করা উচিত।
প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব :-
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম প্রস্তাবে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি।
দ্বিতীয় প্রস্তাবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের চাপ কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ ক্ষেত্রে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত সংকটের সময় ঋণ পরিশোধে বিশেষ সুবিধা এবং জলবায়ু সুরক্ষামূলক কার্যক্রমের বিনিময়ে ঋণের বোঝা কমানোর সুযোগ তৈরি হতে পারে।
তৃতীয় প্রস্তাবে পরিবেশবান্ধব ও আধুনিক জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এসব প্রযুক্তি হস্তান্তর, ব্যবহার এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর কথা বলা হয়।
চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
পঞ্চম প্রস্তাবে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান তিনি। তাঁর মতে, এই উদ্যোগের ভিত্তি হতে হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য, যাতে জ্বালানি রূপান্তরের সুফল সব দেশ সমানভাবে কাজে লাগাতে পারে এবং উন্নয়নশীল দেশগুলো নতুন অর্থনৈতিক বৈষম্যের শিকার না হয়।
জলবায়ু অর্থায়নে ঋণনির্ভরতা কমানোর দাবি:-
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো, কৃষি, জীবিকা ও জননিরাপত্তার ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি করছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের ওপর নির্ভরশীল করে তোলা ন্যায়সংগত নয়।
তিনি বলেন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থের অভাব এবং বিদ্যমান ঋণ পরিশোধের চাপ উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতাকে আরও দুর্বল করে দিচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন বাস্তবে পৌঁছে দেওয়া, অনুদানের পরিমাণ বৃদ্ধি এবং সহজ শর্তে আর্থিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক এবং সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়ার লক্ষ্য:-
বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনা ও জলবায়ু মোকাবিলায় গৃহীত উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে সরকার একটি ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণের কথা উল্লেখ করেন তিনি। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিশেষ কর প্রণোদনা, চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সবুজ শিল্প ও পরিবেশবান্ধব পরিবহনে গুরুত্ব:-
শিল্প খাতকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বাংলাদেশ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে প্রায় ৩০০টি লিড সার্টিফায়েড তৈরি পোশাক কারখানার প্রসঙ্গ উঠে আসে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার সম্প্রসারণ, পরিবেশবান্ধব পাটজাত পণ্যের উৎপাদন ও বাজার বৃদ্ধি এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা:-
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণ, নদী ও খাল পুনঃখনন এবং উপকূলীয় পরিবেশ পুনরুদ্ধারের পরিকল্পনার কথাও ভাষণে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগের কথা জানান। উপকূলীয় অঞ্চলের পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বনায়নের কার্যক্রমও জলবায়ু সহনশীলতা বাড়াতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান:-
ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জলবায়ু মোকাবিলার প্রতিটি পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বাস্তবসম্মত, ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত আসবে। তাঁর মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন সময়োপযোগী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন।