শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

favicon
উপচার ডেস্ক :-
প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অসদাচরণ এবং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দপ্তরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কঠোর শাস্তিমূলক আদেশ জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, চাকরি থেকে বরখাস্ত হওয়া ছয় পুলিশ কর্মকর্তা হলেন-পুলিশ সদর দপ্তরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ (এপিবিএন-২)-এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।

অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে কোনো ধরনের ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি তাতে কর্ণপাত করেননি এবং কর্মস্থলে যোগ দেননি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়।

বিভাগীয় তদন্তে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো নিঃসন্দেহে প্রমাণিত হয়। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তিনি কোনো জবাব দেননি। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ গ্রহণ সাপেক্ষে বিধি মোতাবেক তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার জারি করা পৃথক এই সাতটি প্রজ্ঞাপনের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।