প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়ছি
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, দুর্নীতি শুধু আর্থিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আর্থিক দুর্নীতি হলো দুর্নীতির বহু স্তরের সর্বশেষ ধাপ। প্রতিদিনের জীবনে আমরা রাস্তার উল্টো পথে চলা, লাইনে না দাঁড়িয়ে কাজ আদায় করা কিংবা নানা কৌশলে সুযোগ নেওয়ার মাধ্যমে দুর্নীতিতে জড়িয়ে পড়ছি, অথচ এসবের সঙ্গে আর্থিক লেনদেন না থাকায় আমরা এগুলোকে দুর্নীতি বলে মনে করি না। কিন্তু বাস্তবতা হলো, এভাবেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা সকলেই দুর্নীতির অংশ হয়ে যাচ্ছি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন জরিপে দেখা গেছে দুর্নীতির শীর্ষে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী, তবে শুধু ব্যবস্থাটিকেই দায়ী করলে চলবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দুর্নীতির অংশীদার হয়ে যাচ্ছেন। কোনো অপরাধী গ্রেপ্তার হওয়ার পর তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য যখন নানামুখী তদবির হয়, তখন সেখানেও দুর্নীতির উপস্থিতি স্পষ্ট হয়। এভাবে সমাজের নানা স্তরেই আমরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছি।
বিভাগীয় কমিশনার আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দুর্নীতির দিক থেকে শুধু আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দেশে দুর্নীতির মাত্রা বেড়েছে। দুর্নীতির ধারণা সূচকে বৈশ্বিক গড় যেখানে ৪৩, সেখানে বাংলাদেশ পেয়েছে মাত্র ২৩, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই বাস্তবতা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে।
তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয় ও সিটি করপোরেশনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, প্রতিটি সেক্টরে বিদ্যমান দুর্নীতি নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হবে। এ সব দপ্তরে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করতে পারলে তরুণ প্রজন্ম শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে গড়ে উঠবে এবং একটি সুন্দর ও স্বপ্নের সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
রাজশাহী দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. খোরশেদ আলম, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাবলু, সহসভাপতি মো. এহছানুল হুদা এবং সনাক সভাপতি অধ্যাপক ড. সিদ্ধার্থ কুমার শংকর তালুকদার।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এর আগে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। উদ্বোধন শেষে একই স্থানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।