রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী

favicon
উপচার ডেস্ক :-
মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) বিকালে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখেছে। একাত্তরে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক একইভাবে চব্বিশের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের বীর ছাত্র-জনতা দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে জাতির সামনে দুটি প্রধান দায়িত্ব রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে প্রথম ও প্রধান দায়িত্ব হলো যেকোনো মূল্যে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং দ্বিতীয়টি হলো শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তুলেছিল, যার স্মরণে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি স্মরণ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী আরও জানান, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন এবং পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের বিভিন্ন ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি; ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, যার পরবর্তী ভয়াবহ পরিস্থিতির সাক্ষী পুরো দেশবাসী।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সরকারপ্রধান জানান, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বাস্তবমুখী কর্মপরিকল্পনা শুরু করেছে। তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করা হয়েছে। বর্তমান বিশ্বের বহুমাত্রিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখা এবং সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থা অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। এ ছাড়া তিনি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন এবং বর্তমান ও সাবেক কর্মকর্তা ও সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

দেশ ও বিদেশে সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে এবং বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা অসামান্য সুনাম অর্জন করেছেন। দায়িত্ব পালনকালে দেশে ও বিদেশে শাহাদাতবরণকারী বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে তিনি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতায় তাদের অব্যাহত সমর্থন কামনা করেন। একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ অঙ্গীকার ও অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বক্তব্যের শুরুতে ঢাকা সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আবেগঘন কণ্ঠে তিনি উল্লেখ করেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসেই কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ। বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও খবর
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
ষড়যন্ত্র ও গুজবে বিভ্রান্ত হবেন না: পুলিশ বাহিনীকে আইজিপির নির্দেশ
ষড়যন্ত্র ও গুজবে বিভ্রান্ত হবেন না: পুলিশ বাহিনীকে আইজিপির নির্দেশ
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ