রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করে ঐতিহাসিক রায় ঘোষণার পরদিনই কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুটে গেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পের খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সামনে এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যের শুরুতেই ড. খলিলুর রহমান বলেন, গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন এবং আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—‘রোহিঙ্গা’। আদালতের রায় অত্যন্ত স্পষ্ট যে, ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল পরিকল্পিত গণহত্যা। এ সময় তিনি দীর্ঘ এই আইনি লড়াই ও বিচার প্রক্রিয়া দেখে যেতে না পারা নিহত সকল রোহিঙ্গার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই আশ্রয়শিবিরগুলোতে কাজ করার স্মৃতিচারণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, তিনি নিউইয়র্কে বসে দূর থেকে রোহিঙ্গাদের নিয়ে কথা বলতে চাননি, বরং এই ঐতিহাসিক মুহূর্তে সরাসরি তাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছেন। বছরের পর বছর ধরে রোহিঙ্গারা বিশ্ববাসীকে তাদের আর্তনাদ শোনার যে আহ্বান জানিয়ে আসছিল, আজ বিশ্ব তা শুনেছে বলে তিনি মন্তব্য করেন।
ইতিহাসের এই বিরল মুহূর্তের গুরুত্ব তুলে ধরে ড. খলিলুর রহমান উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে অভিযুক্ত করল আন্তর্জাতিক বিচার আদালত। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং গ্রামগুলো ধ্বংস করেছে বলে আদালত অকাট্য প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন। এই ঐতিহাসিক অর্জনে আইনি লড়াই চালানো গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং মানবিকতার পরিচয় দিয়ে আশ্রয় দেওয়া বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আদালতে সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আদালতের এই রায়কে কেবল কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ড. খলিলুর রহমান চারটি সুস্পষ্ট ও জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রথমত, জবাবদিহি ও বিচার নিশ্চিত করার লক্ষ্যে গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটার নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করতে হবে। এক্ষেত্রে তাদের হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্রিত করা এবং নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারে জাতিসংঘকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তৃতীয়ত, বাস্তবসম্মত ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, অপূরণীয় ক্ষতির জন্য ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে রোহিঙ্গাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে মিয়ানমারকে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্পগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের অর্থায়ন আরও বাড়াতে হবে, কারণ বাংলাদেশের একার পক্ষে দীর্ঘমেয়াদে এই বিশাল মানবিক ভার বহন করা সম্ভব নয়। চতুর্থত, রায় বাস্তবায়ন ও ভবিষ্যতে এমন নৃশংসতার পুনরাবৃত্তি রোধে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে মিয়ানমারে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা ভয়হীনভাবে বসবাস করতে পারে। তিনি দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেন যে, জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আইসিজের এই রায় মানা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক এবং এটি বাস্তবায়নে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়ার সুযোগ রয়েছে।
বক্তব্যের শেষ পর্যায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, বৃহস্পতিবার সেই আন্তর্জাতিক সনদ এমন একটি নিরস্ত্র জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা রাষ্ট্রীয় ক্ষমতা নেই। সাধারণ পরিষদের চলতি ৮১তম অধিবেশনের মূলমন্ত্র ‘আস্থা পুনরুদ্ধার’ উল্লেখ করে তিনি বলেন, দ্য হেগের রায়ের মাধ্যমে বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ ঘরে ফেরা পর্যন্ত বিশ্ববাসীকে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।