দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের বিরুদ্ধে একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে স্বৈরাচারী অপশক্তিকে বিতাড়িত করেছিল, ঠিক সেভাবে আজ আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যে সন্ত্রাসী গ্রুপটি বর্তমানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে টানা ১৬ বছর জোরপূর্বক দেশ শাসন করেছে এবং মানুষের ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের প্রহসনমূলক ও 'আমি-ডামির' নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশের মানুষ কি আর সেই পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায়? বিগত সরকার ক্ষমতায় থাকাকালে কেন তিস্তা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার কাজ করেনি, কেন পদ্মা ব্যারাজ নির্মাণ করেনি কিংবা উত্তরাঞ্চলে গ্যাস লাইন ও ইপিজেড গঠন করেনি—তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি মন্তব্য করেন, দেশের ও জনগণের প্রতি কোনো দরদ না থাকায় তারা এসব উন্নয়নমূলক কাজ করেনি, বরং প্রতিবছর দেশের গরিব ও অসহায় মানুষের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসবহুল জীবনযাপন করেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পলাতক ওই গোষ্ঠীটি সীমান্তের ওপারে আশ্রয় নিয়ে তাদের প্রভুদের সন্তুষ্ট করতে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং গুম-খুনমুক্ত রাজনীতির পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, তারা সেই অধিকারগুলো আবারও কেড়ে নিতে চায়। পলাতক থাকা অবস্থাতেই তারা আবারও আগুনসন্ত্রাস এবং পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
বিগত আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য শেষ মুহূর্তে তারা ১ হাজার ৪০০ মানুষ এবং ৬০ জন ছোট শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকতে পারে না। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি এবং নিজেদের ও দেশের প্রকৃত অগ্রগতি চায়। তাই দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে চব্বিশের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে 'যথেষ্ট হয়েছে, আর নয়' বলে পরিষ্কার জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার খাল খনন, কলকারখানা স্থাপন, কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার রাজনীতি করতে চায়। লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, অতীতেও এই অঞ্চলের মানুষ গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল এবং আগামী দিনেও তারা একই অবস্থানে অটল থাকবে। বক্তব্যের শেষে তিনি সমগ্র দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান এবং ঘোষণা করেন যে, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নসহ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিই হবে তাদের মূল লক্ষ্য।