জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রিমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং রামেক শিক্ষক সমিতি ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের তাৎপর্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তরুণ ও মেধাবী চিকিৎসক শিক্ষার্থীদের সবসময় সজাগ থাকতে হবে। একটি আধুনিক, জনকল্যাণমুখী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এবং চিকিৎসা খাতের সার্বিক উন্নয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে রামেক ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।