জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
রাজশাহী অঞ্চলের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাজিম উদ দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী সেনানিবাসে বিআইআরসি কমান্ড্যান্টের কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এবং বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় কর্মকর্তা দুই বাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল তথা রাজশাহী বিভাগের আটটি জেলায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এই সৌজন্য সাক্ষাৎ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে বিদ্যমান পেশাদারিত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ককে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাৎ শেষে দুই বাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়। এ সময় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এবং বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।